ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের শিশুসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের রাস্তায় ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সুরুজ আলী (৬০) ওরফে পাখি মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বনগাঁও গ্রামের বাতির আলীর সাথে একই গ্রামের সুরুজ আলীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। পূর্ব বিরোধের জের ধরে বিকেলে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে বাতির আলী ও তার লোকজন সুরুজ আলীর উপর হামলা করে। হামলায় সুরুজ আলী (৬০), পূত্র রফিক আলী (৩৫) ও নাতি মেহদী হাসান (০৫) আহত হন। আহত রফিক ও শিশু মেহদীকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।