ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত দুই সহোদরকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে আহত আলকাব আলী (৬০) ও আহাদ আলীকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার আহত ইউপি সদস্য আহমদ আলী বাদী হয়ে উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামের মৃত হাজী আফতাব আলীর পুত্র আব্দুল হেকিম, আব্দুল কাইয়ূম, আনোয়ার হোসেন ও জিনুয়ার হোসেন, বাতিরকান্দি গ্রামের আকল মিয়ার পুত্র রাজু আহমদ ও কালা মিয়ার পুত্র তারেক আহমদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-১০) দায়ের করেন।
সোমবার সকালে পাটিবাগ গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র, ইউপি সদস্য আহমদ আলী বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল কাইয়ূম ও তার লোকজন ইউপি সদস্যের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ইউপি সদস্যের ভাই বৃদ্ধ আলকাব আলী, আহাদ আলী এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদেরকেও এলোপাতাড়ী কুপিয়ে আহত করে। এ ঘটনা নিয়ে দু’পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ ব্যক্তি আহত হয়। হামলা ও সংঘর্ষে গুরুতর আহত আলকাব আলী (৬০), আহাদ আলী (৫৫), হুসেন আলী (৩০), সুজন মিয়া (৩৫), সুমন মিয়া (২৫) ও আনোয়ার হোসেন (২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আলকাব আলী ও আহাদ আলীর অবস্থা অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য মুমুর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। ইউপি সদস্য আহমদ আলী (৫০), ঝুনুয়ার হোসেন (২৬), আব্দুল হেকিম (৩০), আব্দুল কাইয়ূম (৩৬)সহ আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।