ছাতক প্রতিনিধি
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সিএনজি চালকসহ ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র সিএনজি চালক হাসনাত মিয়া বাড়ির সড়কে তার সিএনজি গাড়ি রেখে বাড়িতে যেতে চাইলে একই গ্রামের মৃত সুনু মিয়ার পুত্র আরিফ উল্লাহ এতে বাধা দেয়। এ ঘটনা নিয়ে আরিফ উল্লাহ ও হাসনাতের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় উপস্থিত লোকজনের মধ্যস্থতায় বিষয়টি তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় হাসনাতের বাড়িতে এসে হামলা চালায়। হামলায় সিএজি চালক হাসনাত মিয়া (২৫), তুলন(২০), আবুল বশর(৩৬), শামীম(১৬), সমুজ আলী(৫০) ও সুমন(২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।