- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বখাটেপনায় বাধা দেয়ায় স্কুল শিক্ষিকাকে লাঞ্ছনা

ছাতক প্রতিনিধি
ছাতকে বখাটেপনায় বাধা দেয়ায় এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করেছে দুই বখাটে। এ ঘটনায় রাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাহেদা বেগম দুই বখাটের বিরুদ্ধে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ছাতক থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।
অভিযোগ থেকে জানা যায়, রাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির মডেল টেষ্ট পরীক্ষায় অংশ নিয়েছে পার্শ্ব গদারমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মডেল টেষ্ট পরীক্ষা দিতে আসা ছাত্রীদের আসা-যাওয়ার পথে ছাতক সদর ইউনিয়নের মুক্তিরগাঁও-রাতাগাঁও গ্রামের আতাউর রহমানের পুত্র ফয়ছল আহমদ(১৮) ও চলিতারবাক গ্রামের রোয়াব আলীর পুত্র জামাল আহমদ(২০) অশালিন আচরণ করেছিল। বিষয়টি নিয়ে রাতগাঁও স্কুলের শিক্ষকদের কাছে বিচার প্রার্থী হয় ছাত্রীরা। সোমবার বিদ্যালয় শেষে বাড়ি ফেরার সময় পথে ফয়ছল আহমদ ও জামাল আহমদের বাধার মুখে পড়েন শিক্ষিকা সাহেদা বেগম। এসময় ছাত্রীদের সাথে বখাটেপনা না করার জন্য তাদের পরামর্শ দিলে তারা ক্ষিপ্ত হয়ে শিক্ষিকাকে গালিগালাজসহ লাঞ্ছিত করে। এক পর্যায়ে তাদের সাথে থাকা ছোরা বের করে          হত্যার হুমকি দেয় শিক্ষিকাকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

  • [১]