ছাতক প্রতিনিধি
অযাচক আশ্রম বাংলাদেশ শ্রীহট্ট অখন্ড মন্ডলী’র আয়োজনে ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে নগদ ৪ হাজার টাকা, শাড়ি—লুঙ্গি ও ধুতিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার নোয়ারাই ইউনিয়নের নাথপাড়া—দাশপাড়া ও পশ্চিম নোয়ারাই এলাকার স্বল্পœ আয়ের পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অযাচক আশ্রম বাংলাদেশ এর প্রধান শ্রীমৎ ডা. যুগল ব্রহ্মচারী।
ব্যবসায়ী আব্দুল মমিন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষিকা সংহিতা দেবীর পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় নেতা শ্রীমৎ নির্মল ব্রক্ষচারী, ডা. বিধান দেবনাথ, অ্যাড. দেবাশীষ ভট্টাচার্য, সিলেট জেলা পুলিশের প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের ইনচার্জ শ্যামল বনিক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অ্যাড. দেবাশিষ পুরকায়স্থ, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীষুষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু—বৌদ্ধ—খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য, মানবতাই পরম ধর্ম এ নীতি—আদর্শে অবিচল থেকে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ব্রত নিয়ে সারা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে অযাচক আশ্রম। দেশের ১০ জন সাদা মনের মানুষের একজন হিসেবে স্কীকৃতি প্রাপ্ত অযাচক আশ্রম প্রধান ডা. যুগল ব্রহ্মচারীর তত্ত্বাবধানে দেশের প্রত্যন্ত অঞ্চলের অনাথ শিশু, অসহায় মা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সামনের দিকে এগিয়ে নিতে সংগঠনের এসব উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। চলমান বন্যায় সিলেট ও সুনামগঞ্জের বানভাসীদের জন্য অযাচক আশ্রমের শ্রদ্ধার্ঘ্য ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে বক্তারা মনে করেন। দেশের প্রান্তিক জনগোষ্টির অগ্রগতি ও মানব কল্যাণে মানবিক কার্যক্রমগুলো অব্যাহত রাখার আহব্বান জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আদর্শ জীবন গঠনের প্রেরণার প্রত্যয়ে শিশুদের উন্নত চরিত্রগঠন ও মানব জীবনের কল্যাণকর কাজের উপর অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরুপানন্দ পরমহংসদেব’র প্রণীত অমূল্য গ্রন্থাবলীর বেশ কিছু বই উপস্থিত লোকজনের হাতে তুলে দেয়া হয়।