বিজয় রায়, ছাতক
ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন-নতুন এলাকা। উপজেলা সদরের সাথে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে বীজতলা ও শাক-সবজীর বাগান। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের রোপা-আমন ক্ষেত ও হালিচারা। বন্যায় উপজেলার ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়ন সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। বেড়িবাঁধসহ গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সুরমা, চেলা, পিয়াইন, বটেরখাল ও বৈঠাখালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ ছাড়া চরমহল্লা, ভাতগাঁও, সিংচাপইড়, জাউয়া, দোলারবাজার, উত্তর খুরমা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, কালারুকা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় জীবন-যাপন করছে। গত এক সপ্তাহে বন্যার পানিতে তলিয়ে শিশুসহ ৪ জনের সলিল সমাধি ঘটেছে। প্রবল স্রোতের কারণে সুরমা, চেলা ও পিয়াইন নদীতে পাথরবাহী বার্জ, কার্গো ও ভলগেট নৌকায় পাথর-বালু লোডিং-আনলোডিংয়ে বাধাগ্রস্ত হওয়ায় সংশ্লিষ্ট কয়েক হাজার পাথর শ্রমিক পড়েছে বিপাকে। উপজেলা সদরের সাথে শতাধিক গ্রাম-গঞ্জের যোগাযোগ হয়ে পড়েছে বিচ্ছিন্ন। বন্যার পানিতে ইসলামপুর ইউনিয়নের
রতনপুর-মনিপুরীবস্তি, রাতগাঁও-মুক্তিরগাঁও ও গোয়ালগাঁও বেড়িবাঁধ ভেঙে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। মৃত্রেরগাঁও-বঙ্গবন্ধু সড়ক, জোড়াপানি-নরসিংপুর সড়ক, নোয়ারাই-বাংলাবাজার সড়ক, পালপুর-মানিকগঞ্জবাজার সড়ক, হায়দরপুর সড়ক, কামারগাঁও-আসামপুর সড়ক, আন্ধারীগাঁও-জাউয়া সড়ক, ছাতক-দোয়ারা সড়ক, গনেশপুর ফেরীঘাট-ইউনিয়ন পরিষদ সড়ক, ফকিরটিলা-হাদা চানপুর সড়ক ছনবাড়ি-রতনপুর সড়ক, ছনবাড়ি-গাংপাড়-নোয়াকোট সড়ক, আমেরতল-ধারনবাজার সড়কসহ অর্ধশতাধিক গ্রামীণ সড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে অনেক সড়ক পানিতে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদী ভাঙনের হুমকির মুখে পড়েছে ছাতক-দেয়ারা সড়কসহ বেশ কয়েকটি গ্রাম। গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চানপুর প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেওতরচর প্রাথমিক বিদ্যালয়, মুক্তিরগাঁও মাদ্রসা, গাবুরগাঁও মাদ্রাসা, জাউয়া ইউনিয়ন পরিষদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ, বৈশাকান্দি এফআইভিডিবি স্কুল, নোয়ারাই ইউনিয়নের চরভাড়া মাদ্রাসা, লামাপাড়া ব্র্যাক স্কুলেসহ ২০-২৫টি বিদ্যালয়ের আঙ্গিনায় পানি প্রবেশ করায় বিদ্যালয়গুলো বন্ধ অবস্থায় রয়েছে। পানিবন্দি মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভোগছেন। বন্যা দুর্গত মানুষের জন্য এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কোন ত্রাণ সামগ্রী বিতরণের কোন খবর পাওয়া যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার জানিয়েছেন,‘ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ৪৭ হেক্টর রোপা-আমন বীজতলা পানিতে তলিয়ে গেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংস্থাকে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমত সহায়তা প্রদানের আহবান জানিয়েছেন।