- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বসত ঘরে প্রতিপক্ষের হামলা বৃদ্ধা আহত

তপন জ্যোতি তপু, ছাতক
ছাতকে বসত ঘরে ঢুকে হামলা চালিয়ে মায়ারুন নেছা (৬৫) নামের এক বৃদ্ধ মহিলাকে পিটিয়ে আহত করেছে গ্রামের প্রতিপক্ষ লোকজন। এ সময় প্রতিপক্ষের লোকজন ঘর থেকে ৩৫ হাজার টাকা, মহিলাদের কান হতে ১ ভরি ওজনের স্বর্ণালংকার ও ঘরের মূল্যবান কাগজপত্র সহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আহত বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈয়দের গাঁও গ্রামের আব্দুল জলিলের বাড়িতে।  আব্দুল জলিল জানান, গত বৃহস্পতিবার রাতে তার বাড়িতে কোন পুরুষ লোক ছিল না। গ্রামের প্রতিপক্ষের লোকজন পূর্ব বিরোধের জের ধরে রাত ১১টায় জোর করে ঘরে ঢুকে তার বৃদ্ধ মাকে পিটিয়ে আহত করে ঘরে রক্ষিত ৩৫ হাজার টাকা, ১ভরি ওজনের স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান আব্দুল জলিল। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান বিষয়টি গতকাল সকালে তাকে জানানো হয়েছে।

  • [১]