- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে বাঁশের খুঁটিতে ট্রান্সফরমার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে কৃষি জমির উপর বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের ট্রান্সফরমার বসিয়ে এলাকায় বিদ্যুৎ সঞ্চালন করা হয়েছে। সিমেন্টের তৈরী খাম্বার সাথে বাঁশের খুঁটির উপর ঝুঁকিপূর্নভাবে বসানো হয়েছে ভারী ট্রান্সফরমার। এতে প্রাণহানীর ঘটনা ঘটছে। তবে বিদ্যুৎ বিভাগের টনক নড়ছে না।
সোমবার দুপুরে আর্থিং লাইনের পাশে ঘাস খেতে দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লক্ষীবাউর    
 গ্রামের মদরিছ আলীর একটি গরু মারা যায়। মাটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ার কারণে মৃত গরুটি জমি থেকে সরিয়ে আনতে পারছে না লোকজন।
অস্থায়ী বাঁশের খুঁটি সংযুক্ত করে প্রাথমিকভাবে বিদ্যুৎ সরবরাহ করলেও প্রায় এক বছর ধরে এভাবেই চালানো হচ্ছে সরবরাহ লাইন। ফলে ট্রান্সফরমার সংলগ্ন আশপাশের কৃষি জমিতে কৃষকেরা জীবনের ঝুঁকি নিয়ে চাষাবাদ করে আসছে একবছর ধরে।
উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রাম সংলগ্ন ফসলী জমিতে প্রায় এক বছর ধরে বাঁশের খুঁটিতে ভর করে দাঁড়িয়ে আছে লক্ষীবাউর গ্রামসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা বৈদ্যুতিক ট্রান্সফরমার। বিষয়টি একাধিকবার বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে মৌখিক ও লিখিতভাবে আবেদন করে কোন প্রতিকার পায়নি এলাকাবাসী। প্রায় তিন বছর আগে লক্ষীবাউর এলাকার ট্রান্সফরমারটি চুরি করতে গিয়ে ট্রান্সফরমারের উপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এক চোর। পরবর্তিতে এ ট্রান্সফরমারটি পুনরায় সংস্কার করে সঞ্চালন লাইন স্বাভাবিক করা হলেও বছর ঘুরতে না ঘুরতেই আবারো ট্রান্সফরমারটি চুরি হয়ে যায়।
লক্ষীবাউর গ্রামের আব্দুল মছব্বির, আব্দুস সহিদ, মদরিছসহ একাধিক ভুক্তভোগী লোকজন জানান, প্রায় এক বছর আগে নতুন ট্রান্সফরমার স্থাপন করতে ছাতক বিদ্যুৎ অফিসে গ্রামবাসীর মাধ্যমে ৭০ হাজার টাকা দেয়া হয়েছে। এসময় নতুন ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও বিপদজ্জনক অবস্থায় রয়েছে ট্রান্সফরমার ও বৈদ্যুতিক লাইন। সম্প্রতি ট্রান্সফরমারের খুঁটি থেকে আর্থিং লাইন দিয়ে ভুমিতে ছড়িয়েছে বিদ্যুৎ। ফলে ট্রান্সফরমার সংলগ্ন কৃষি জমিতে চাষাবাদ করতে পারছে না কৃষকরা।
এ ব্যাপারে কথা বলতে চাইলে ছাতক বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

  • [১]