ছাতক প্রতিনিধি
ছাতকের চেলা নদী বালু মহালে ইজারাদার কর্তৃক অবৈধ টোল আদায় বন্ধে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বালু উত্তোলনকারি সংগঠনের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে দেয়া এক অভিযোগের ভিত্তিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নৌ-পথে টোল আদায়ের নামে চাঁদাবাজী বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।
চেলা নদী বালু মহালে একাধিক অবৈধ টোল আদায়ের অভিযোগ এনে সম্প্রতি বালু মহালের ইজাদারদার জাকির হোসেন জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারী দপ্তরে লিখিত অদিযোগ দেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উল্লাহ খান, ছাতক-দোয়ারা অঞ্চলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) দুলন মিয়া, এসিল্যান্ড সোনিয়া সুলতানা, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাতক বাজার বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সত্তার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উলল্লাহ খান জানান, অবৈধ চাঁদাবাজি বন্ধে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা করা হয়েছে। তদন্ত শেষে জেলা প্রশাসক বরাবরে একটি প্রতিবেদন দাখিল করা হবে।