ছাতক প্রতিনিধি
ছাতকে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ভারতীয় মদের এক বড় চালানসহ এক চোরাচালানীকে আটক করেছে। বুধবার রাত ৯টায় মদসহ চোরাচালানীকে ছাতক থানায় হন্তান্তর করা হয়। মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের রতনপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে চোরাচালানী আব্দুর রউফ (৪০)সহ ভারতীয় মদের এ চালান আটক করা হয়। আটককৃত আব্দুল রউফ রতনপুর গ্রামের মিয়ন আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াকোট বিজিপি ক্যাম্পের নায়েক সুবেদার আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৬৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ চোরাচালানী আব্দুল রউফকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে চোরাচালান নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বিজিবি কর্তৃক নিরীহ ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে এনে মাদক মামলায় আসামী করায় বিজিবির সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করেছেন আটককৃত আব্দুর রউফের বড় ভাই আসামী আব্দুল জলিল।
বৃহস্পতিবার দায়েরী আবেদনে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার রাতে মনিপুরী বস্তির বাসিন্দা গৌর চন্দ্র শর্ম্মার বাড়ি থেকে বিজিবি সদস্যরা ভারতীয় মদ আটক করে। পরের দিন অর্থাৎ বুধবার সকাল সাড়ে ৯টায় রতনপুর নিজবাড়ি থেকে তার ভাই আব্দুর রউফকে ডেকে নিয়ে আটককৃত মদের মামলায় জড়িত করে। বিজিবির এসব কর্মকান্ডের সুষ্ঠু তদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।