ছাতক প্রতিনিধি
ছাতকে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে খুঁটি থেকে পড়ে গিয়ে শাহজাহান মিয়া (৪০) নামের এক বেসরকারি বিদ্যুৎ শ্রমিক আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতস্পৃষ্টে তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কৈতক এলাকায় ১১ কেভির লাইনের একটি ট্রান্সফরমারে ফিউজ লাগাতে খুঁটিতে উঠে শাহজাহান। লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু থাকায় বৈদ্যুতিক শটে সে খুঁটি থেকে ছিটকে নিচে পড়ে যায়। এসময় তার দু’হাত সহ শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।