ছাতক প্রতিনিধি
ছাতকে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সড়ক ও জনপথের ভূমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে ব্যবসায় ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে।
সড়ক ও জনপথের ভুমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মঙ্গলবার সুনামগঞ্জের সওজ’র নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন জাউয়া বাজারের ব্যবসায়ী মৃত মন্তাজ আলীর পুত্র ছোয়াব আলী।
অভিযোগ থেকে জানা যায়, জাউয়া বাজারে আনিছা ফার্নিচার, শরীফা হার্ডওয়ারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ছোয়াব আলী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সম্প্রতি তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঠিক সামনে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে টিনসেডের পাকা ঘর নির্মাণ করেন জাউয়া গ্রামের আসলম আলী, রুস্তুম আলী ও চান মিয়া। ফলে তার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান মানুষের চোখের আড়ালে পড়ে যায়। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে সৃষ্টি করা হয় মারাত্মক প্রতিবন্ধকতা। তার প্রতিষ্ঠিত ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করতে এবং সওজ’র ভূমি দখল করার জন্যই তারা এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। বিষয়টি জাউয়াবাজার পরিচালনা কমিটিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ-বৈঠকের মাধ্যমেও নিস্পত্তি করার চেষ্টা করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী (সওজ) জরুরী ভিত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসডিই ছাতককে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।