ছাতক প্রতিনিধি
ছাতকে হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন বাদী ও তার পরিবার। মামলা তুলে নিতে আসামী পক্ষের লোকজনের ক্রমাগত ভয়-ভীতি ও হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী।
মামলার বাদী নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র সফর আলী উপস্থিত সাংবাদিকদের কাছে তার মামলা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। সফর আলী জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গত ২৪ ফেব্রুয়ারি সকালে প্রতিপক্ষের লোকজনের হামলার শিকার হন সফর আলীর মা জাহেদা বেগম। বসত বাড়ি ভাংচুর ও লুটপাট করাতে বাধা দেয়ায় মনির উদ্দিনের স্ত্রী শাহানারা বেগম, সফর আলীর পুত্র আবিদ হাসান, সফর আলীসহ ৫জন আহত হয়। গুরুতর আহত জাহেদা খাতুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্ত্তি করা হয়। এ ঘটনায় গত ২৮ফেব্রয়ারি সফর আলী বাদী হয়ে একই গ্রামের আজাদ মিয়া, আহবাব মিয়া, তারেক মিয়া, আল আমিন, জাকির মিয়া, বক্তারুন নেছা, নুরুল হক জাবেদ মিয়া ও মক্তু মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ৮মার্চ ছাতক থানায় মামলাটি এফআইআরভুক্ত হয়। মামলা দায়েরের পর থেকেই আসামীরা মামলা তুলে নিতে বাদী ও বাদীর পরিবারকে বিভিন্নভাবে হুমকী দিয়ে যাচ্ছে। আসামীরা বর্তমানে প্রায় সময়ই প্রকাশ্যে ঘুরাফেরা করছে। ফলে বাদী ও তার পরিবার ভুগছেন নিরাপত্তাহীনতায়। আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন মামলার বাদী সফর আলী।