ছাতক প্রতিনিধি
ছাতকের বৌলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা নুরুল হকের পুত্র নজরুল হকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় দায়ের করা মামলা থেকে তাকে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে। মামলাটি তদন্তের মাধ্যমে তথ্যগত ভুল প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই শামীম আখনজী মুক্তিযোদ্ধা পুত্র নজরুল হককে এ মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য চার্জশিটে সুপারিশ করেছেন।
ভূমি উন্নয়ন কর পরিশোধের একটি রশিদে জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার তালুকদার গত
৭ মার্চ ছাতক থানায় একটি মামলা (নং-১০/৬৬) দায়ের করেন। ২৩ ফেব্রুয়ারী তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান ২২ নং স্মারকে আইনী ব্যবস্থা গ্রহণের একটি লিখিত নির্দেশে রঞ্জন কুমার তালুকদার নজরুল হকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ২৪ জুলাই আদালতে দাখিলকৃত চূড়ান্ত রিপোর্টে (নং-৩৪/১৭) উল্লেখ করা হয়, মামলাটির সার্বিক তদন্ত, সাক্ষ্যপ্রমাণ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে ঘটনাটি তথ্যগত ভুল প্রমাণিত হয়েছে। রিপোর্টে মামলা থেকে নজরুল হককে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়।