ছাতক প্রতিনিধি
ছাতকে বহুল আলোচিত কলেজ ছাত্র মিজানুর রহমান মিজান হত্যা মামলার প্রধান আসামী নাসির উদ্দিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসির উদ্দিন আইনাকান্দি গ্রামের মৃত এনায়েত উলাহর পুত্র ও ইউনিয়ন আ.লীগের সভাপতি। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন অভিযান চালিয়ে কলেজ ছাত্র মিজান হত্যা মামলার প্রধান আসামী নাসির উদ্দিনকে গ্রেফতার করেন। ২০১৫ সালের ২ জুলাই প্রতিপক্ষের হামলায় নিজ বাড়ীতে নিহত হয় আইনাকান্দি গ্রামের মৃত মোশাহিদ আলীর পুত্র কলেজ ছাত্র মিজানুর রহমান। এ ঘটনায় নিহতের চাচা সুরুজ আলী বাদী হয়ে নাসির উদ্দিনকে প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই সালের ২৬ অক্টোবর মামলার প্রথম ১১ জন আসামীকে বাদ দিয়ে থানা পুলিশ চার্জশীট প্রদান করলে সুবিচার পাওয়ার স্বার্থে মামলার বাদী সুরুজ আলী আদালতে না-রাজি প্রদান করেন। না-রাজি আমলে নিয়ে আদালত ১২ নভেম্বর মামলাটি পুনঃ তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে দায়িত্ব দেন। দীর্ঘ প্রায় ৬ মাস তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ প্রধান আসামীসহ ৯ জনকে বাদ দিয়ে চার্জশীট প্রদান করেন। হত্যাকান্ডে প্রায় দু’বছর পর এজাহারভুক্ত প্রধান আসামী নাসির উদ্দিনকে গ্রেফতার করা হলে বাদীর পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসে। গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান মামলার এজাহার ভুক্ত থাকার কারণে এবং মামলার প্রধান আসামী হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।