- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা গ্রেফতার ১

ছাতক প্রতিনিধি
ছাতকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার কালারুকা    
ইউনিয়নের বোবরাপুর গ্রামের মৃত. উস্তার আলীর পুত্র ও নিহতের বড় ভাই মানিক মিয়া বাদী হয়ে এ মামলা (নং-০৬) দায়ের করেন। মামলায় একই গ্রামের হারিছ আলীর পুত্র ওলিউর রহমান, দুলাল মিয়া, আলাউদ্দিন ও তাদের পিতা হারিছ আলীকে আসামী করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ছাতক থানার এসআই অরূপ সাগর অভিযান চালিয়ে বুধবার ভোরে রায়সন্তোষপুর গ্রাম থেকে দুলাল মিয়াকে গ্রেফতার করেন। বাকী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন মামলার বাদী।
অভিযোগ থেকে জানা যায়, মানিক মিয়ার ছোট ভাই জাবেদ মিয়া (২২) এর সাথে পাশের বাড়ির হারিছ আলীর যুবতী কন্যার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। বিষয়টি যুবতীর পরিবার মেনে নিতে না পারায় জাবেদ মিয়াকে হত্যা  করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। পরিকল্পনার অংশ হিসেবে গত ২৪ আগস্ট রাত যুবতী তার নিজস্ব মোবাইল ফোনে কল দিয়ে জাবেদ মিয়াকে ডেকে নেয়। প্রেমিকার কল পেয়ে জাবেদ মিয়া খাবার ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাবার প্রায় ৩ ঘন্টা পর পার্শ্ববর্তী হারিছ আলীর হাঁসের খামারের পাশে জাবেদ মিয়ার লাশ পাওয়া যায়। এসময় লাশের দু’পায়ে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় ছিল।
বাদীর অভিযোগ, দুলাল মিয়ার মাধ্যমে জাবেদ মিয়ার লাশ পড়ে থাকার সংবাদটি পায় নিহতের পরিবার। পরিকল্পিতভাবে  বিদ্যুৎ স্পৃষ্ট করে জাবেদ মিয়াকে হত্যা করা হয়েছে বলে বাদীর অভিযোগ। জড়িত অন্যান্য খুনীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাদী।  

  • [১]