- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে রবিবার জঙ্গিবাদ বিরোধী ২১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

স্টাফ রিপোর্টার
ছাতকে ৪ সেপ্টেম্বর রবিবার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ২১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এই মানববন্ধনে লক্ষাধিক মানুষের জমায়েত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘মানববন্ধন থেকে জানিয়ে দেওয়া হবে ছাতকবাসী সন্ত্রাস ও   জঙ্গিবাদকে ঘৃণা করে এবং এই আন্দোলনকে বেগবান করতে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে তারা’।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ‘ছাতকে উপজেলার সীমানা বড়কাপন থেকে জেলার শেষ সীমানা গোবিন্দগঞ্জ পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার জুড়ে রোববার দীর্ঘতম মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধনে থাকার জন্য ছাতকের ১৩ উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থী, জেলে-কৃষক, শ্রমিক ও বিশিষ্টজনসহ  সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যেখানেই বলা হচ্ছে সকলেই বলছেন- তারা এই কর্মসূচিতে থাকবেন এবং জানিয়ে দেবেন অতীতে ছাতকবাসী যেমন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সকল লড়াই-সংগ্রামে ছিলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লড়াইয়েও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গেই আছেন’।
মুহিবুর রহমান মানিক জানান, এই মানববন্ধন দেশব্যাপি শুরু হওয়া জঙ্গিবাদ বিরোধী লড়াইকে উৎসাহিত করবে।
প্রসঙ্গত. গত ২৪ আগস্ট ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির প্রকাশক দীপন হত্যাকা-ের মিশন প্রধান হিসাবে ছাতকের কালারুখা ইউনিয়নের মাধবপুর গ্রামের মঈনুল হাসান ওরফে শামীম ওরফে রিফাতকে টঙ্গির চেরাগ আলী মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। এই ঘটনার পর থেকেই লজ্জিত ছাতকবাসী।

  • [১]