ছাতক প্রতিনিধি
ছাতকে লন্ডন প্রবাসীর বাসায় বসবাসকারী এক নারী কেয়ারটেকার ধর্ষণের শিকার হয়েছেন। তার কাছ থেকে ধর্ষণকারীরা এক লক্ষ টাকা লুট করে নেয়ারও অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সুহিতপুর গ্রামের লন্ডন প্রবাসী মনাফ মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, সুহিতপুর গ্রামের লন্ডন প্রবাসী মনাফ মিয়ার বাসায় কেয়ারটেকার হিসেবে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন, জগন্নাথপুর উপজেলার
ইসহাকপুর গ্রামের এক নারী। গত রবিবার সকালে প্রবাসীর পাঠানো এক লক্ষ টাকা গোবিন্দগঞ্জ ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করে বাসায় নিয়ে যান ওই নারী। এসময় কতিপয় দুর্বৃত্ত প্রবাসীর বাসায় ঢুকে জোর পূর্বক ওই নারীকে ধর্ষণ ও তার কাছ থেকে এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে কর্মরত এক চিকিৎসক জানান রবিবার বেলা ২ ঘটিকার সময় ওসিসি বিভাগে এক নারী ভর্তি হয়েছেন। তার শারীরিক পরীক্ষা-নীরিক্ষা চলছে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি ধর্ষণ কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।