ছাতক প্রতিনিধি
ছাতকে শিক্ষিকাকে চপেটাঘাত করার অপরাধে অভিযুক্ত প্রধান শিক্ষক আতাউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত কর্মকর্তার প্রেরিত তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমুলক এ ব্যবস্থা নেয়া হয়।
আবহাওয়াজনিত কারণে নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেয়ার সুপারিশকে কেন্দ্র করে ৪ এপ্রিল উপজেলার দোলারবাজার ইউনিয়নের বারগোপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হালিমা বেগমকে চপেটাঘাত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। এসময় সহকারী শিক্ষিকাকে নিয়ে অশালিন মন্তব্যও করেন প্রধান শিক্ষক। এ ঘটনায় ৫ এপ্রিল ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন সহকারী শিক্ষিকা হালিমা বেগম।
অভিযোগের প্রেক্ষিতে ৮ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস সরজমিনে ঘটনার তদন্ত করে এর সত্যতা পান। ৯ এপ্রিল সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে ঘটনার তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক নির্দেশে অভিযুক্ত প্রধান শিক্ষক আতাউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস শিক্ষক বরখাস্তের সত্যতা স্বীকার করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক তাহমিনা খাতুন জানান, ঘটনার সত্যতা পেয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।