- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে শিক্ষিকা লাঞ্ছিত দুই মাসেও গ্রেফতার হয়নি আসামি

ছাতক প্রতিনিধি
ছাতকে স্কুল শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় মামলার পলাতক আসামি ফয়সল ও জামালকে দুই মাসেও গ্রেফতার করতে পারনি পুলিশ। আসামীরা দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে প্রকাশ্যেই এলাকায় আসা-যাওয়া করছে বলে বাদী পক্ষের লোকজন জানিয়েছেন।
আসামি ফয়সল আহমদ উপজেলার ছাতক সদর ইউনিয়নের তিররাই-মুক্তিরগাও গ্রামের আতাউর রহমানের পুত্র ও জামাল উদ্দিন উত্তর খুরমা ইউনিয়নের চলিতারবাক গ্রামের রোয়াব আলীর পুত্র।
জানা যায়, বিদ্যালয়গামী ছাত্রীদের আসা-যাওয়ার পথে তাদের বিভিন্নভাবে উত্যক্ত করতো বখাটে ফয়সল ও        
জামাল। তাদের এসব কার্যকলাপে বাধা হয়ে দাঁড়ান রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহেদা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ৬ নভেম্বর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করাসহ ভয়ভীতি প্রদর্শন করে ফয়সল ও জামাল।
এ ঘটনায় শিক্ষিকা শাহেদা বেগম ৭ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ফয়সল ও জামালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। এ অভিযোগটি মামলা আকারে গ্রহণের জন্য রাতেই ছাতক থানায় প্রেরণ করা হয়। এদিকে আসামি জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ছাতক থানার এস আই শফিকুর রহমান জানান, আসামি গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে আসামি ফয়সল ও জামালকে গ্রেফতারের জন্য মুক্তিরগাঁও-চলিতারবাঁক গ্রামে পুলিশ অভিযান চালিয়েছে।   

  • [১]