- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে শিল্পকলা একাডেমীর কমিটি বাতিলের দাবি

ছাতক প্রতিনিধি
ছাতকে শিল্পকলা একাডেমীর প্রস্তাবিত কমিটি বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ   খান বরাবরে এ অভিযোগ দেন ছাতকের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। অভিযোগের অনুলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক, জেলা শিল্পকলা একাডেমীর সেক্রেটারী ও কেন্দ্রিয় মহা পরিচালক বরাবরে দেয়া হবে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
জানা যায়, সকল সংস্কৃতি কর্মী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে অজ্ঞাত রেখে গোপনে প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে এখানের সংস্কৃতি কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রস্তাবিত কমিটির সভাপতি ছাড়া যাদের রাখা হয়েছে এর মধ্যে ক’জন বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করা হয়েছে। প্রস্তাবিত কমিটি বাতিল করে সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে সংস্কৃতি অঙ্গনে বিচরণ ও জড়িতদের নিয়ে একটি সর্বজন গৃহীত ও গ্রহণযোগ্য কমিটি গঠনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতির হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
অভিযোগে স্বাক্ষর করেন রমিজি শিল্পী গোষ্ঠির উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, দুর্ব্বিণ শাহ উৎসব উদযাপন কমিটির সভাপতি ডা. আফসার উদ্দিন, কনকচাঁপা খেলাঘর আসরের আহবায়ক ও শিল্পকলা একাডেমীর প্রাক্তন সদস্য কেতকী রঞ্জন আচার্য্য, উদীচী শিল্পী গোষ্ঠির সহ-সাধারণ সম্পাদক, সাংবাদিক অসিত কুমার দাস, বঙ্গবন্ধু সাংস্কৃকি জোটের সহ-সভাপতি আমিনুল ইসলাম আজির, মরমী শিল্পী গোষ্ঠির সভাপতি কামাল উদ্দিন, সুর নিকেতন একাডেমীর সভাপতি অতিন্দ্র চন্দ্র দেবনাথ টুটুল, শিল্পকলা একাডেমীর প্রাক্তন সদস্য বদরুল আমিন রুবেল, প্রাক্তন সদস্য ও ছড়াকার সঞ্জয় কর, প্রয়াস সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, সংগীত একাডেমীর সাধারণ সম্পাদক সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক তমাল পোদ্দার, সপ্তক সংগীত একাডেমীর পরিচালক অমরেশ সরকার, কনকচাঁপা খেলাঘর আসরের অর্থ সম্পাদক সঞ্জিব পাল, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক আমির আলী, প্রবাহ নাট্য ও সাংস্কৃতিক জোটের যুগ্ম-সম্পাদক মাহবুব আলম সেলিমসহ ১৭জন সংস্কৃতিক কর্মী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উলল্লাহ খান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, ঈদের পর বিষয়টি দেখা হবে।

  • [১]