ছাতক প্রতিনিধি
ছাতকে শিশুপুত্র অপহরনের চেষ্টার অভিযোগে স্বামী ও সতিনের বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সদর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুর রহমানের কন্যা ঝর্না বেগম বাদী হয়ে স্বামী হারিছ আলী ও সতীন তাছলিমা বেগমের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, প্রথম স্ত্রী তাছলিমা বেগমের অনুমতি নিয়ে ইসলামী শরিয়া মোতাবেক হারিছ আলীর সাথে
ঝর্না বেগমের বিয়ে হয় এক বছর পূর্বে। বিয়ের বছর খানেক পর ঝর্না বেগম একটি পূত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্ম হওয়ার পর থেকেই স্বামী ও সতীন মিলে ঝর্নার উপর চালায় অত্যাচার নির্যাতন। এক পর্যায়ে সতীনের বাপের বাড়ী ঢাকার একটি বাসায় নিয়ে ঝর্না ও তার সন্তান ইসমাইল(১)কে হত্যা করার পরিকল্পনা নেয়। অবশেষে অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে ঢাকা থেকে ছাতকের ব্রাহ্মণগাঁও স্বামীর খালী বাড়ীতে ফিরে আসে ঝর্না। বুধবার পাথর শ্রমিকের কাজ শেষে ঝর্না নিজ সন্তানকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে সে। বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎ সন্তানের চিৎকারে ঘুম থেকে উঠে দেখে তার সন্তানকে কে বা কারা অপহরণ করে নিয়ে যাচ্ছে। এ সময় ঝর্নার আর্তচিৎকারে শিশু ইসমাইলকে পার্শ্ববর্তী আফই বেগমের বাড়ীর পাশে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। ঝর্না বেগমের ধারণা তার স্বামী ও সতীন মিলে ভাড়াটিয়া অপহরণকারীদের দিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে। সে ও তার সন্তানের নিরাপত্তাসহ জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ঝর্না বেগম।