ছাতক প্রতিনিধি
ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে গুরুতর আহত কলেজ ছাত্র রিমন আহমদ (১৮)’র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। রিমন আহমদ উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের রইছ উদ্দিনের পুত্র ও জাউয়াবাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষরা এলাকা ত্যাগ করে গা ঢাকা দেয়। এ সুযোগে উত্তেজিত নিহত
রিমন পক্ষের লোকজন প্রতিপক্ষের ১০টি বসতঘরে অগ্নিসংযোগ করে। এসময় শাহানা বেগম(৪০), হুসনা বেগম(৩০) স্বরূপা বেগম(৩৫), সাবিনা বেগম(১৫)সহ অন্তত ১০ নারী-শিশু আহত হয়।
খবর পেয়ে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছেন।
জানা যায়, সেনপুর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র রইছ উদ্দিন ও একই গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র আবু বক্করের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে পক্ষে-বিপক্ষে মামলাও বিচারাধীন অবস্থায় রয়েছে। গত মঙ্গলবার বিকেলে বিরোধকৃত ভূমিতে নির্মাণ কাজ করা নিয়ে নির্মাণ শ্রমিক আব্দুল কাইয়ূমের উপর হামলা চালায় আবু বক্কর ও তার লোকজন। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে রিমন আহমদ (১৮), শাহাব উদ্দিন (৪৮), সামছুন নাহার (৪৫) ও নির্মাণ শ্রমিক আব্দুল কাইয়ূম (৪০) আহত হয়। গুরুতর আহত রিমন আহমদ ও শাহাব উদ্দিনকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। দু’দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে রিমন আহমদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বলেন,‘ মঙ্গলবার দু’পক্ষের সংঘর্ষে আহত রিমনের মৃত্যু হয়েছে। অগ্নি সংযোগের সত্যতা স্বীকার করে তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ দেয়া হয়নি।