ছাতক প্রতিনিধি
ছাতকে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত ১৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের সাঞ্জব আলীর পুত্র আলতাব আলী ও আব্দুল জব্বারের পুত্র গোলাপ শাহ’র মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, আলতাব আলীর দখলে থাকা এক খন্ড বোরো জমি নিয়ে সম্প্রতি একই গ্রামের গোলাপ শাহর মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে বিরোধকৃত জমিতে আলতাব আলী কৃষি কাজ করতে গেলে গোলাপ শাহ এতে বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের
লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। খবর পেয়ে জাউয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে গুরুতর আহত হাফিজুর রহমান (২৮), শাহানারা বেগম (৩৫), হাবিবুর রহমান (২০), আবু ছালিক (৪০), আব্দুল বার (৪০), শরীয়ত আলী (৪৫), আছির আলী (৫০), ছালিক মিয়া (২৫), মিছির আলী (২০), ইয়াজ আলী (৩৫), লিলু মিয়া (৩৫), ইকবাল হোসেন (২৬), খলিল আহমদ (৪০), সুফিয়া বেগম (৩৫), ইমান আলী (২০), আলাউদ্দিন (৩৫) ও জাকির হোসেন (২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদ আলী (২৬), হানিফ আলী (৪৫), মজনু মিয়া (২০), লিজন (১৮), মখলিছ আলী (৪৫), গোলাপ শাহ (৫০), সমুজ আলী (৩০), সেলিম মিয়া (২৫), আলী আহমদ (৩৫), বাদশা মিয়া (৪০), নাজমা বেগম (৩০), সমরুজ আলী (৪০), আনোয়ার হোসেন (১৮), আশিক মিয়া( ২২)সহ আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।