ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক ও জনপথের ভূমিতে দেয়াল নির্মাণ করে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাজ্য প্রবাসী কর্তৃক সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণ করায় সরকারী কর্মচারীসহ অন্তত ৪টি পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার উপজেলা চেয়ারম্যানের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন কৈতক হাসপাতালের কর্মচারী মাসুক মিয়া। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ শর্ম্মা, কৈতক হাসপাতালের ইনচার্জ ডা. মাজহারুল ইসলাম, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসন ও ইউপি সদস্য আব্দুর রহিম সুপারিশ করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, কৈতক হাসপাতালের কর্মচারী মাসুক মিয়া হাসপাতাল সংলগ্ন নিজ বাড়িতে প্রায় ৪০ বছর ধরে বসবাস করে আসছেন। চলাচলের রাস্তা হিসেবে তিনিসহ আরো ৪টি পরিবার সওজ বিভাগের পুরাতন রাস্তা ব্যবহার করে আসছেন তারা। সম্প্রতি কৈতক গ্রামের মৃত ছলিম উল্লাহর পুত্র যুক্তরাজ্য প্রবাসী ইয়াকুব আলী কৈতক সড়ক বিভাগ থেকে এপ্রোচ রোড বন্দোবন্ত নিয়ে সওজ’র ভূমিতে প্রায় ১শ’ ফুট দীর্ঘ ও ৭ ফুট উচ্চতা বিশিষ্ট দেয়াল নির্মাণ করেন। অবধৈ দেয়াল নির্মাণ কাজে বাধা-বিপত্তি দিলেও ইয়াকুব আলী তা আমলে নেয়নি। যাতায়াতের রাস্তাটি বন্ধ হওয়ার ফলে বর্তমানে হাসপাতালের কর্মচারী মাসুক মিয়াসহ এখানের ৪টি পরিবার বন্দি দশায় রয়েছে। বাড়ি থেকে বের হওয়া ও সরকারী কাজে হাসপাতালে যাওয়া-আসা করতে পারছেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অবৈধ দেয়াল উচ্ছেদ করে তাদের বন্দিদশা মুক্ত করতে তিনি প্রশাসন ও সওজ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ছাতকের সওজ বিভাগের কর্মকর্তা সজীব আহমদ অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।