- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ছাতক প্রতিনিধি
ছাতকে কিশোরী অপহরণের সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ায় স্থানীয় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। নিজেকে আনোয়ার হোসেন পরিচয় দিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ০১৭৯৪-৩৬৬২৫৭ নম্বর থেকে ফোন করে দৈনিক সুনামগঞ্জের খবর জাউয়া প্রতিনিধি ও দৈনিক যুগভেরী পত্রিকার ছাতক প্রতিনিধি তপন জ্যোতি তপুকে সে প্রাণ নাশের হুমকি দেয়। শুক্রবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটের সময় মোবাইল ফোনের এ নম্বর থেকে তাকে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক তপন জ্যোতি তপু নিজের নিরাপত্তা চেয়ে তাৎক্ষণিক জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি জিডি এন্ট্রি(নং-৩৯৬) করেছেন।   
দক্ষিন খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থীকে রোববার অপহরণ করা হয়েছে বলে অপহৃতার মা সেনপুর গ্রামের সাজনারা বেগম বাদী হয়ে মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলার পান্ডাগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আবরোজ মিয়ার পুত্র শিপন মিয়া(৩০), ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের কাপ্তান মিয়ার পুত্র আনোয়ার হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় মেয়ে অপহরণের অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিভিন্ন স্থানীয় পত্রিকায় বিষয়টি সংবাদ আকারে প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেন এ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

  • [১]