ছাতক প্রতিনিধি
ছাতকে সুন্নী ও কওমী সমর্থকদের সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় ৪ দিন অতিবাহিত হলেও থানায় কোন মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরে কোন পক্ষেরই কোন প্রস্তুতি বা উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। সংঘর্ষে দারোগাসহ একাধিক পুলিশ সদস্য আহত হলেও পুলিশের পক্ষ থেকেও কোন মামলা রুজু করা হয়নি। পুরো ঘটনাটিই এখন ধূম্রজালের মধ্যে রয়েছে। আবার মামলা আতংকেও রয়েছেন উভয় পক্ষেও লোকজন। সংঘর্ষের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিশুসহ ৩ জনের
অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে শহরের বাগবাড়ি গ্রামের আব্দুল জব্বারের পুত্র আব্দুল বাছিত বাবুল ও ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আজাদ মিয়ার পুত্র রুবেল মিয়া এবং সংঘর্ষের দৃশ্য দেখতে গিয়ে শহরের একটি বাড়ির ৩য় তলার ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে চাঁদনীঘাট এলাকার সবজী ব্যবসায়ী জহির মিয়ার কন্যা ও বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী সুরমা বেগমের।
অপরদিকে জোড়া খুনের আইনী বিষয়টি বাদ দিয়ে সংঘর্ষের ঘটনা আপোষে নিস্পত্তির উদ্যোগ নিয়েছেন পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মঙ্গলবার রাতে উভয় পক্ষের লোকজনের সাথে যোগাযোগ করে উদ্ভূত পরিস্থিতি সালিশ-বৈঠকের মাধ্যমে নিস্পত্তি করার উদ্যোগ নেন মেয়র।