- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সুরমা নদীতে বিআইডব্লিউটি’র জেটির অর্ধেক চালা উধাও

ছাতক প্রতিনিধি
ছাতকের সুরমা নদীতে বাংলাদেশ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটি)’র দেয়া বিলাসবহুল জেটির চালা উধাও হয়ে গেছে। কয়েকদিন আগে কিভাবে জেটির প্রায় অর্ধেক চালা উধাও হয়েছে তা কেউ বলতে পারছে না। বর্তমানে বিলাসবহুল এ জেটি অর্ধচালা অবস্থায় শহরের পশ্চিম বাজারস্থ লঞ্চঘাটের সুরমা নদীতে ভাসছে।
লঞ্চ ঘাটের এক দোকানি রসিকতা করে বলেন, যখন লঞ্চ আসা-যাওয়া করতো-তখন ঘাটে কোন জেটি না থাকায় ঝুঁকি নিয়ে যাত্রী সাধারণকে উঠা-নামা করতে হয়েছে। এখন ঘাটে ভাসছে বিলাস বহুল জেটি কিন্তু লঞ্চ যাতায়াত বন্ধ হয়ে গেছে অনেক আগেই। এ দেশের সবাই উল্টো পথের যাত্রী বলে দোকানি মন্তব্য করলেন।
জানা যায়, ছাতককে নৌ-বন্দর হিসেবে গড়ে     
তোলার জন্য সরকারের পরিকল্পনা ছিল দীর্ঘদিনের। সরকারের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে গত বছরের ৩১ আগষ্ট নৌ-বন্দরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। ওই দিন শহরের পুরাতন কাষ্টম রোড এলাকায় সুরমা নদীর তীরে নৌ-বন্দরের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে স্থানীয় পাবলিক খেলার মাঠে আয়োজিত এক জনসভায় নৌ-বন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেছিলেন, আরো আগেই ছাতককে নদীবন্দর ঘোষণা করা উচিৎ ছিল। বালু, পাথর, লাইমস্টোনসহ নির্মাণ সামগ্রীর উপর ভিত্তি করেই জননেত্রী শেখ হাসিনা ছাতককে নদীবন্দর হিসেবে ঘোষণার গুরুত্ব দিয়েছেন। শুধু ফলক উন্মোচন করেই নদীবন্দরের কাজ শেষ নয়। এখানে জেটি, মেরিন কোড, পল্টুন, নদী খনন, টার্মিনাল ভবন, রাতে জাহাজ চলাচলের জন্য থাকবে বিশেষ বাতির ব্যবস্থা। নদী পথে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে থাকবে নৌ-পুলিশ ব্যবস্থা। ছাতক নদীবন্দর বাস্তবায়নে সব ধরনের সরকারী সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী। ঘোষণার প্রায় ১০ মাস অতিবাহিত হলেও মন্ত্রীর ঘোষিত বিষয়গুলোর মধ্যে একটিও এখনো বাস্তবায়ন হয়নি।
তবে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করার আগেই শহরের পশ্চিম বাজারস্থ লঞ্চ ঘাটে ও পুরাতন কাষ্টম এলাকার সুরমা নদীর তীরে আকর্ষণীয় ও যুগপোযোগী  দুটি জেটিঘাট নির্মাণ করে বাংলাদেশ নৌ-পরিবহন সংস্থা। সম্প্রতি উভয় ঘাটেই অত্যাধুনিক ও বিলাশ বহুল দুটি জেটিও সংযোগ করা হয়। এর আগে নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনে নৌ-পুলিশের একটি টিম  এখানে এসে স্থান নির্বাচনের জন্য পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। পরবতীতে এসব বিষয়ে কোন কার্যক্রম চালাতে দেখা যায়নি। এদিকে লঞ্চঘাটের জেটির চালার অর্ধেক টিন উধাও হওয়ার বিষয়টি নিয়ে যেন কারো মাথা ব্যথা নেই। দায়সাড়াভাবে ফেলে রাখা জেটি দুটি দেখাশোনা করার কেউ না থাকলেও আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখছেন স্থানীয় লোকজন।

  • [১]