ছাতক প্রতিনিধি
ছাতকে সড়কের পাশে মাছের খামার করে বিপাকে পড়েছেন সাবেক এক ইউপি সদস্য। সড়ক ক্ষতিগ্রস্ত করার অপরাধে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে। মামলায় সরকারী রাস্তা ভেঙ্গে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, উপজেলা দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রামের ইউনুছ আলীর পুত্র সাবেক ইউপি সদস্য জোনাব আলীর একটি মৎস্য খামার রয়েছে সরকারি সড়কের পাশে। পালপুর-খুরমা-জাতুয়া সড়কের মর্যাদ গ্রামের জোনাব আলীর বসত বাড়ির সম্মুখে প্রায় ৩শ’ফুট চওড়া সড়ক ঘেষা এ মৎস্য খামারটি প্রায় ৬ বছর আগে প্রস্তুত করা হয়। এর আগে এখানে ফসলী জমি ছিল বলে জানা গেছে। সড়ক ঘেষে পুকুর কাটার কারণে পালপুর-জাতুয়া রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাধা দেয়া সত্ত্বেও পুকুর খনন করেছেন।
এ অপরাধে এলজিইডির উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার গত ১৪ জুলাই জোনাব আলীর বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করার জন্য ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত সাপেক্ষে ছাতক থানায় নন এফআইআর প্রসিকিউশন
(নং-১১০/১৬, তাং ১১.০৯.১৬) রুজু করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
এদিকে জোনাব আলী জানান, তার পৈত্রিক সম্পত্তি এ মৎস্য খামারের ভূমিটি প্রায় পতিত অবস্থায় ছিল র্দীঘদিন ধরে। প্রায় ৬ বছর আগে উপজেলা মৎস্য অফিসের পরামর্শে নিজ অর্থায়নে দেড় ফুট পরিমাণ গভীর করে এখানে মাছের খামার করেন । পুকুরের গভীরতা কম হওয়ার কারণে একইসাথে তিনি মাছ ও ধান চাষ করে আসছেন বলে জানান। সরকারি পাকা সড়ক থেকে প্রায় দুই ফুট জায়গা রেখে তিনি পুকুর খনন করেছেন এবং পুকুরের কারণে সড়কের কোন ক্ষতি সাধিত হয়নি বলে তিনি দাবি করছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, পালপুর-জাতুয়া সড়কের পালপুর থেকে খুরমা পর্যন্ত সড়কটি যান চলাচলে প্রায় অনুপযোগি। সড়ক জুড়েই রয়েছে বড়-বড় গর্ত। খানাখন্দে ভরপুর সড়ক দিয়ে ৭-৮টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অতি কষ্টে যাতায়াত করে আসছে। সন্ধ্যার পর এ সড়ক দিয়ে গাড়ি চলাচলে অনীহা দেখায় চালকরা। পুরো সড়কটির অবস্থা নাজুক হলেও মর্যাদ পুকুর পাড় সংলগ্ন প্রায় ৪-৫ শ’ ফুট রাস্তা অন্যান্য অংশের চেয়ে অনেক ভালো। পুকুরের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি অনেকটা ধূম্রজালের মত। বিষয়টি আদালতের মাধ্যমে পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন জোনাব আলী।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার জানান, বাঁধা দেয়া সত্ত্বেও অমান্য করে পুকুর খনন করে সরকারি রাস্তার মারাত্মক ক্ষতি করা হয়েছে। তাই পুকুরের মালিক জোনাব আলীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেয়া হয়েছে।