ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় ৪০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের রাউলী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জগামী একটি বাস (নং-জ ১১-০৭০৬) সিলেট থেকে সুনামগঞ্জ শহরে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি সিএনজি একই সড়ক দিয়ে গোবিন্দগঞ্জ
এলাকায় যাচ্ছিল। সড়কের রাউলী মসজিদের সামনে বাসের সাথে সিএজিটি ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে। এসময় বাসটিও দুর্ঘটনার কবলে পড়ে রাউলী ব্রীজে আটকে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত বাস ও সিএনজি যাত্রী নুরুল ইসলাম (২৫), রুজিনা বেগম (৩৫), আব্দুল হাই (৫০), জহিরুল হক (০৩), আনফর আলী (৬০), জমির হোসেন (১৪), অজিত পাল (৪৩), জামাল আহমদ (৩৫), আব্দুল কাহার (৫৫) ও সুয়েব আহমদ (১৯)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলাম উদ্দিন (২৩), ইসমাইল আলী (৪৮), নজরুল ইসলাম (৩৮), কামরুল হক (৩০), সুলতান মিয়া (৬৫), আনোয়ার হোসেন (৩৫), মনোহর আলী (৩৫), সেলিনা বেগম (৪০), মিনা বেগম (১৫)সহ আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয় ও চিকিৎসা দেয়া হয়। হাইওয়ে পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।