- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত ও আহত হয়েছে আরো ৩ শ্রমিক। আহতদের ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (নং-সিলেট জ-১১-০২৩০) জাতুয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির পিকআপের(নং-সিলেট         
ড ১১-৯৮১) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পিকআপে থাকা ৫ যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহতদের কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের জুনাব আলীর পুত্র আব্দুল হক (৩৫) ও লক্ষণসোম গ্রামের আব্দুল করিম (৬০) কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দক্ষিন সুনামগঞ্জের পার্বতীপুর গ্রামের মবশ্বর আলীর স্ত্রী রিনা বেগম (৪০), ঝামক গ্রামের আব্দুস ছোবহানের পুত্র সুজিয়ান (৪০) ও একই গ্রামের জুনাব আলীর পুত্র সালেহ আহমদ (৪২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরা সকলেই নির্মাণ শ্রমিক হিসেবে গোবিন্দগঞ্জ থেকে দিনের কাজ শেষে বাড়ি ফিরছিল বলে জানা গেছে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল দেব ঘটনাস্থল পরিদর্শন করেন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করলেও পিকআপ নিয়ে ড্রাইভার পালিয়ে যাওয়ার পথে ধারনবাজারে জনতা গাড়িটিকে আটক করে।

  • [১]