- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৭

ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক দুর্ঘটনায় হরেকৃষ্ণ চক্রবর্ত্তী (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৭ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার সকাল প্রায় ১১টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর এলাকার লালপুল নামক ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত হরেকৃষ্ণ চক্রবর্ত্তী শহরের নোয়ারাই-ইসলামপুর এলাকার মৃত মাখন লাল চক্রবর্ত্তীর পুত্র ও ছাতক সিমেন্ট কারখানার একজন শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে সিলেটগামী ফোরষ্ট্রোক (নং- সিলেট থ-১২-৭৯২২) লালপুল নামক ব্রিজে পৌছলে বিপরীত দিক থেকে আসা ফোরষ্ট্রোকের (নং- সিলেট থ-১১-৩৪৩৪) সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই হরেকৃষ্ণ চক্রবর্ত্তীর মৃত্যু ঘটে। গুরুতর আহত তাহিরপুর উপজেলার আমিরুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম(৩৫) ও গোয়াইনঘাটের আনসারী (৩৫)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দোয়ারা উপজেলার টেবলাই গ্রামের আব্দুস সামাদের পুত্র আবুল হোসেন (৪০), ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার হাফিজ উদ্দিনের পুত্র হারিছ মিয়া (৪৫), মুক্তিরগাঁও গ্রামের সাকির হোসেনের পুত্র রনি (২৮), শরীফ হোসেন (২০) ও দোয়ারার আবু বক্কর (৩০)কে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক সিমেন্ট কারখানা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত জেনারেল অফিসে কর্তব্য পালন করার কথা হরেকৃষ্ণ চক্রবর্ত্তীর। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আঘাত পাওয়া পায়ের চিকিৎসার জন্য কর্তব্য ফেলে তিনি সিলেট ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনাতেই তার মৃত্যু ঘটে। ছাতক থানার এসআই চম্পক দাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। দুর্ঘনাকবলিত ফোরষ্ট্রোক দু’টি আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক থানার ওসি আশেক সুজা মামুন।                                                                           

  • [১]