ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ ৩ নারী আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে সিংচাপইড় ইউনিয়নের সদুখালী-বানিকান্দি গ্রামে হানিফ উল্লাহর পুত্র ডা. ছমির উদ্দিন বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। বাড়ির সীমানা নিয়ে গ্রামের ডা. ছমির উদ্দিনের সাথে একই গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র আজিজুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে আজিজুর রহমান পক্ষ বিরোধকৃত জায়গা থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় ডা. ছমির উদ্দিনের কন্যা হামিদা খাতুন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। হামলায় হামিদা খাতুন (৪৫), তার কন্যা ফাহমিদা আক্তার দোলন (১৭) ও দিলারা বেগম (৪৫) আহত হয়। আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রামের চেরাগ আলীর পুত্র আজিজুর রহমান(৫৫)কে আটক করেছে পুলিশ।