ছাতক প্রতিনিধি
ছাতকে হাসপাতালে বেডে ভর্তিবিহীন রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডা. বিশ্বজিৎ গুলজারকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।
জানা গেছে, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় রিকশা চালক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কান্দিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে সুন্দর আলী (৪৫) পেটের ব্যথা নিয়ে ছাতক হাসপাতালে ভর্তি হতে যান। এ সময় তাতিকোনার আব্দুল মনাফের পুত্র আব্দুস শুকুর ও চানাচুর বিক্রেতা টুনু মিয়া রোগির সাথে থাকলেও কর্তব্যরত ডাক্তার আজাদুর রহমান উপযুক্ত অভিভাবক না থাকায় রোগীকে ভর্তি করেননি। এতে ব্যথায় কাতর হয়ে রোগী নিজেই হাসপাতালের একটি বেডে শুয়ে পড়েন। ২৮ ডিসেম্বর বেলা ২টায় হাসপাতালের ওই বেডেই তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা.আশুতোষ দাস জানান, ছাতক হাসপাতাল বেডে রোগী মৃত্যুর ঘটনায় ডাক্তার বিশ্বজিৎ গোলজারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।