ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারি সীল-মোহর ও বিভিন্ন সরকার দপ্তরের কাগজপত্র জাল করে প্রতারণা করার অভিযোগে ২ প্রতারককে আটক করা হয়েছে। সোমবার রাতে সরকারি সীল-মোহর ও জাল কাগজপত্র সৃজন করার অপরাধে প্রতারক আফতাব উদ্দিন (২৬) ও ফয়সল আহমদ (২০) কে আটক করা হয়।
আফতাব উদ্দিন ছাতক সদর ইউনিয়নের রনমঙ্গল গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র ও ফয়সল আহমদ উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আরশ আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আফতাব উদ্দিনের বাড়ি থেকে উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও সেটেলম্যান্ট অফিস সহ সরকারি বিভিন্ন দপ্তরের ১১টি সীল-মোহর, ২টি সরকারি ব্যাংকের লোন গ্রহণের পাসবুক এবং সরকারি বিভিন্ন দপ্তরের জাল কাগজপত্রসহ তাকে আটক করেন।
রাতেই তাকে ভূমি অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আফতাব উদ্দিন জানায়, প্রায় ৬ মাস ধরে এসব জাল কার্যক্রম চালিয়ে আসছে সে। তার এসব অবৈধ কার্যক্রমের সাথে ছাতক সদর ইউনিয়নের এক ইউপি সদস্যসহ আরো ৮ জন জড়িত রয়েছে। এসব জাল কাগজপত্র ও সীল-মোহর শহরের প্রিন্টেক কম্পিউটার থেকে প্রস্তুত করে থাকে বলে জিজ্ঞাসাবাদে আফতাব উদ্দিন ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছে। পরে মধ্য রাতে অনেকটা ছলনার মাধ্যমে ক্রেতা সেজে প্রিন্টেক কম্পিউটারের মালিক আনোয়ার হোসেনকে মোবাইল ফোনে ডাকা হলে সে বাড়িতে অবস্থান করায় দোকানের পরিচালক তার ছোট ভাই ফয়সলকে দোকানে পাঠায়।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল প্রিন্টেক কম্পিউটারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সরকারি সীল-মোহর ও জাল কাগজপত্র সৃজনের অপরাধে দোকানের ৩টি কম্পিউটার জব্ধসহ ফয়সলকে আটক করেন। পরে জব্ধকৃত সীল-মোহর, জাল কাগজপত্র ও কম্পিউটারসহ আটককৃতদের পুলিসে সোপর্দ করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হচ্ছে।