- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার মতো বিধি মোতাবেক প্রয়োজনীয় বৈধতা না থাকার কারণে অরবিট ডায়াগনস্টিক সেন্টার থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ডায়াগনস্টিক সেন্টারটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।
এছাড়া জাবা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। এক্সরে রুম ও ল্যাবরেটরী চিকিৎসা শাস্ত্র মোতাবেক না হওয়ায় মডেল ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪০ হাজার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে ৩০ হাজার, ইউনিক ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
মেডিকেল প্র্যাকটিস এবং বে-সরকারী ক্লিনিক ও ল্যাবরটরীজ (নিয়ন্ত্রন) অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় কৈতক হাসপাতালের আরএমও ডা. মোজাহারুল ইসলামসহ থানা পুলিশ অভিযানে উপস্থিত ছিলেন।

  • [১]