ছাতক প্রতিনিধি
ছাতকে বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করে সংযোগ পেতে টানা ৯দিন অন্ধাকারে থাকতে হয়েছে কালারুকা ইউনিয়নের বলার পীরপুর গ্রামবাসীকে। বিদ্যুৎবিহীন অবস্থায় গোটা গ্রামবাসীকে অন্তত ৯ দিন পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। গত ক’দিন ধরে বিদ্যুতের ছেঁড়া তার মেরামত নিয়ে বাঁধা বরাংপাড় ও বলার পীরপুর গ্রামবাসীর মধ্যে উত্তেজনাও বিরাজ করছিল। অবশেষে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।
জানা যায়, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর পয়েন্ট থেকে পিডিবির বিদ্যুতের একটি লাইন বরাংপাড় হয়ে বলার পীরপুর গ্রামে গেছে। গত ১৬ জুন বরাংপাড় এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেলে ছেঁড়া তারে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরাংপাড় গ্রামের একটি বাছুর মারা যায়। এ ঘটনায় উত্তেজিত হয়ে কতিপয় দুর্বৃত্ত বলার পীরপুর গ্রামের বিদ্যুতের সকল লাইন খুঁটি থেকে বিচ্ছিন্ন করে দেয়। ১৭ জুন বলার পীরপুরবাসী সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় ও লাইন মেরামতের দাবিতে ছাতক আবাসিক বিদ্যুৎ অফিস বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। বলার পীরপুর বাসীর অভিযোগ গত ৯দিনে বিদ্যুৎ অফিসের লোকজন পুলিশের সহায়তায় একাধিক বার লাইন মেরামত করতে গিয়ে বরাংপাড়বাসীর বাধার মুখে ফেরত আসতে হয়েছে। ফলে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে গ্রামের প্রায় ৪০টি পরিবারকে। বিদ্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলী আলাউদ্দিন জানান, শুক্রবার দুপুরে লাইন মেরামত করে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।