ছাতক প্রতিনিধি
ছাতক-কোম্পানীগঞ্জ নৌ-পথে ব্যাপক চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। পিয়াইন নদীতে বালু ভর্তি নৌকায় চাঁদাবাজীর অভিযোগ এনে গত ২১জুন সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন চাটিবহর-আমবাড়ি গ্রামের সুজন মিয়া। অভিযোগের কপি সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দু’থানার অফিসার ইনচার্জকে দেয়া হয়েছে।
জানা যায়, পিয়াইন নদীতে অবৈধ ভাবে পাথর ও বালুবাহী নৌকা ও বাল্কহেডে চাঁদাবাজী করে আসছে কোম্পানীগঞ্জ উপজেলার টিলাপাড়া গ্রামের আমীর হোসেনের নেতৃত্বে একদল চাঁদাবাজ চক্র। কোম্পানীগঞ্জ বালু মহাল ব্যবসায়ী সমবায় সমিতির নামে আমীর হোসেন, নিজাম উদ্দিন, আব্দুলা, তাহির আলী, সিহাব উদ্দিন, মাফিজ আলী, আনোয়ার মিন্নত আলীসহ লোকজন দীর্ঘ দিন ধরে নৌ-পথে চাঁদাবাজী করে আসছে। তাদের চাঁদাবাজী ও নির্যাতনের কারণে নৌ-পথের পাথর ও বালু ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে পড়েছেন। একাধিকবার স্থানীয় ব্যবসায়ীরা
নৌ- পথে চাঁদা আদায় বন্ধ করার দাবি জানালেও চাঁদাবাজ চক্র তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। নৌকা প্রতি ২শ টাকা, বাল্কহেডে ৫শ টাকা চাঁদা আদায় করে নিচ্ছে তারা। তাদের কথামতো চাঁদা না দিলে নৌকা ও বাল্কহেডের মাঝি ও স্টাফদের মারপিট করছে চাঁদাবাজ চক্র। নৌ-পথে চাঁদাবাজী বন্ধের দাবী করেছেন ছাতক-কোম্পানীগঞ্জের নৌকা মালিক, পাথর ও বালু ব্যবসায়ীরা।