ছাতক প্রতিনিধি
ছাতকে ফোরষ্ট্রোক-সিএনজি চালকদের হাতে জিম্মি হয়ে পড়েছে যাত্রী সাধারণ। চালকরা তাদের ইচ্ছেমত ভাড়া বৃদ্ধি করে তা আদায় করছে যাত্রীদের কাছ থেকে। কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে এখানের কয়েকটি রোডে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে সিএনজি চালকরা। ছাতক অনার্স-ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ছাতক-গোবিন্দগঞ্জ ও ছাতক-সিলেট সড়ক পথে সিএনজি ভাড়া কমানোর জন্য কয়েক দফা লিখিতভাবে দাবি করলেও বিষয়টি আমলে নেয়নি সিএনজি চালক কর্তৃপক্ষ। একইভাবে ছাতক-দোয়ারা, ছাতক-সুনামগঞ্জ ও ছাতক-জাউয়া সড়ক পথেও অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সড়ক পথে যাত্রীরা এখন অসহায়। কতিপয় অটোটেম্পো-অটোরিক্সা পরিবহন শ্রমিক নেতাদের সহযোগিতার এসব সড়ক পথে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের
নজরদারী না থাকায় চালকরা এভাবে অতিরিক্ত ভাড়া আদায়ে বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় যাত্রী সাধারনের দাবি, প্রশাসনের হস্তক্ষেপে এসব সড়কে দূরত্ব অছুযায়ী ভাড়ার একটি নির্ধারিত তালিকা প্রতিটি ষ্ট্যান্ডে সাঁটিয়ে রাখা হলে যাত্রীরা অতিরিক্ত ভাড়ার হয়রানী থেকে মুক্ত হতে পারবে।
জানা যায়, এসব সড়ক পথে বর্তমানে সহস্রাধিক সিএনজি চালিত অটোরিক্সা নিয়মিত চলাচল করছে। সরকারী বিগত কয়েক বছরে ছাতক-গোবিন্দগঞ্জ প্রায় ১৩ কিলোমিটার সড়কের ভাড়া কয়েক ধাপে দুইগুণ বৃদ্ধি করা হয়েছে। ২০০৮ সালে ছাতক থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ১৩ কিমি ভাঙা সড়কের অজুহাতে ১৩ টাকার ভাড়া থেকে কয়েক বছরে তা ৩০ টাকায় উন্নীত করে সিএনজি চালকরা। পরবর্তিতে সড়ক সংস্কারের কাজ শেষ হলেও ভাড়া কমিয়ে আনা হয়নি। একইভাবে ছাতক-সিলেটের ভাড়া ৩৫ টাকার স্থলে ওই সময় ভাঙা সড়কের অযুহাতে যাত্রীদের কাছ থেকে তারা ৬০ টাকা আদায় করেছে। বর্তমানে ছাতক থেকে সিলেট পর্যন্ত প্রায় ৩৫ কিমির জন্য সিএনজি ভাড়া ৮০-থেকে ১০০ টাকা আদায় করা হচ্ছে। ছাতক থেকে দোয়ারাবাজার পর্যন্ত মাত্র ৯কিলোমিটার রাস্তার জন্য ভাড়া নেয়া হচ্ছে ৪৫ টাকা। দোয়ারা থেকে সিলেট পর্যন্ত ১২০ টাকা ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ছাতক থেকে নিয়মিত সিলেটে যাতায়াতকারী মদন মোহন কলেজের ছাত্র শামীম আহমদসহ একাধিক যাত্রী জানান, সম্পূর্ণ বেআইনী ভাবে যাত্রীদের কাছ থেকে চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে। সন্ধ্যার পর পরই সিলেট থেকে ছাতকে আসতে তাদের ১০০ টাকা ভাড়া দিতে হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় থেকে তাদের বিরত রাখা সম্ভব হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, অটোরিক্সা ভাড়া বৃদ্ধির ব্যাপারে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে একাধিকবার আলোচনা হয়েছে। এ বিষয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সমন্বয় সভায় আলোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।