- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক-দোয়ারাবাসীর স্বপ্ন পূরণ হচ্ছে

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের শিল্পশহর ছাতক ও দোয়ারাবাজার বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১২ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারা বাজার সড়কের ছাতকে সুরমা নদীর উপর সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্প অনুমোদন লাভ করেছে। প্রায় ৮ বছর আগে ৯ কোটি টাকা ব্যয়ে হওয়া সেতুর পিলারগুলোর উপরেই নতুন করে কাজ হবে।
সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে জেলার সবচেয়ে বড় উপজেলা ও শিল্প শহর ছাতকের দুরত্ব কমানো এবং ছাতক ও দোয়ারাবাজার উপজেলার যোগাযোগ স্থাপন। ছাতকের শিল্পাঞ্চলের উৎপাদিত পন্য সড়ক পথে বহনের সুবিধাকরণ, ছাতকের দুই পাড়ের যোগাযোগ স্থাপনের দাবি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রায় ৩ লাখ মানুষের দীর্ঘদিনের।
২০০৬ সালের ২৩ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাতকে সুরমা নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গুচ্ছ প্রকল্পের আওতায় ১৯ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। কিন্তু ৯ কোটি টাকা ব্যয়ে সেতুটির পিলারগুলো নির্মাণ হবার পর ঐ সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১২ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারা বাজার সড়কের ছাতকে সুরমা নদীর উপর  সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্পসহ ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।untitled-2 এতে মোট ব্যয় হবে ৯ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল।
তিনি জানান, আজকের একনেক সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে একটি বাড়ি একটি খামার প্রকল্প (৩য় সংশোধিত)। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০ কোটি ২৭ লাখ টাকা।
ছাতক- দোয়ারাবাজারের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেন,‘ছাতকে সুরমা সেতুর উপর সেতু নির্মাণ পরিকল্পনা শুরু হয় ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে। তৎকালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সেতু তৈরির প্রাক্কলন তৈরির নির্দেশনাও দিয়েছিলেন। পরে বিএনপি সরকারের শেষ সময়ে রাজনৈতিক ‘মওকা’ হিসাবে ২০০৬ সালের ২৩ আগস্ট সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সামান্য কিছু কাজ হবার পরই এই সেতুর কাজ বন্ধ হয়ে যায়। এই সেতুটি হওয়া প্রয়োজন। ছাতকবাসীর দীর্ঘদিনের দাবি। মঙ্গলবার (২৫ অক্টোবর) ছাতক-দোয়ারাবাজারবাসীর জন্য স্মরণীয় হয়ে থাকবে। ছাতক- দোয়ারাবাজারের মানুষ আনন্দিত। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে ছাতক- দোয়ারাবাজারবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ এদিকে, ছাতক-দোয়ারাবাজার বাসীর আখাঙ্কিত এই সেতু’র অবশিষ্ট কাজের সমাপ্তকরণ প্রকল্প অনুমোদন লাভ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দোয়াবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

  • [১]