- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক, দোয়ারা ও মধ্যনগর আ.লীগের কমিটি- বিতর্কের অবসান?

বিশেষ প্রতিনিধি
জেলার ৩ ইউনিটে আওয়ামী লীগের কমিটি নিয়ে গত দুই বছর ধরে বিতর্ক রয়েছে। কিন্তু জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন মঙ্গলবার আহ্বায়ক উল্লেখ করে ৩ জনের নামে চিঠি পাঠানোয় এই বিতর্কের অবসান হচ্ছে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ইউনিট ৩ টি হচ্ছে জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা ইউনিট।
প্রসঙ্গত. গত বছরের ফেব্রুয়ারি মাসে তখনকার জেলা কমিটি ছাতকে আবরু মিয়া তালুকদারকে আহ্বায়ক, লুৎফুর রহমান সুরকুম ও আজমল হোসেন সজলকে যুগ্মআহ্বায়ক করে ছাতক উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। কিন্তু ছাতক – দোয়ারাবাজারের সংসদ সদস্যসহ আওয়ামী লীগের একাংশ এই কমিটি প্রত্যাখ্যান করেন। তারা দাবি করেন- ছাতকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রয়াত ডা. হারিছ আলীকে আহ্বায়ক ও লুৎফুর রহমান সুরকুমকে যুগ্মআহ্বায়ক করে কমিটি করে দিয়েছেন। সম্মেলন ছাড়া এই কমিটি ভাঙার ক্ষমতা কারো নেই। দলীয় সভানেত্রীর দেওয়া আহ্বায়ক ডা. হারিছ আলীর মৃত্যুর পর গঠনতন্ত্র অনুযায়ি যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান সুরকুমই আহ্বায়কের দায়িত্ব পালন করার কথা। এই অংশ লুৎফুর রহমানকে সুরকমকে আহ্বায়ক প্রচার দিয়েই কার্যক্রম চালিয়ে আসছে।
অপরদিকে, স্থানীয় আওয়ামী লীগের অপরাংশ ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী’র সমর্থকরা আবরু মিয়া তালুকদারকে আহ্বায়ক মেনে কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু মঙ্গলবার জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের স্বাক্ষর করা চিঠি ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক উল্লেখ করে লুৎফুর রহমান সুরকুমকে দেওয়া হয়েছে।
দোয়ারাবাজারেও একইভাবে গত বছরের ফেব্রুয়ারি মাসে তৎকালীন জেলা আওয়ামী লীগের কমিটি আহ্বায়ক হিসাবে একবার গণমাধ্যমকে জানিয়েছেন ফরিদ আহমদ তারেক এই উপজেলার আহ্বায়ক। আবার এই কমিটির দায়িত্বশীলরাই গণমাধ্যমকে বলেছেন ইদ্রিছ আলী বীরপ্রতীকই আহ্বায়ক। জেলা সম্মেলনের ২ দিন আগে আবার বলেছেন ফরিদ আহমদ তারেকই আহ্বায়ক। কিন্তু দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের বৃহৎ অংশ এবং স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ঐ কমিটি প্রত্যাখ্যান করে বলেছিলেন,‘ইদ্রিছ আলী বীরপ্রতীককে দলীয় সভানেত্রী শেখ হাসিনা আহ্বায়ক করে দিয়েছেন, বাদ দিলে তিনিই দেবেন, অন্য কেউ নয়’। মঙ্গলবার এই উপজেলায় আহ্বায়ক উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার  এম এনামুল কবির ইমন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীককেই চিঠি দিয়েছেন।
গত বছরের ফেব্রুয়ারি মাসে মধ্যনগরে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়ালকে আহ্বায়ক এবং ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্নাকে যুগ্মআহ্বায়ক করে ৬৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি’র অনুমোদন দিয়েছিলেন তখনকার জেলা কমিটি। কিন্তু স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ তার সমর্থকরা এই কমিটি প্রত্যাখ্যান করে দলীয় নেতা গিয়াস উদ্দিন নূরীকে আহ্বায়ক ঘোষণা দিয়ে কার্যক্রম চালিয়ে আসছিলেন।
মঙ্গলবার জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন আব্দুল আউয়াল তালুকদারকেই মধ্যনগরের আহ্বায়ক উল্লেখ করে চিঠি দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায় বলেন,‘ছাতকে সভানেত্রীর দেওয়া কমিটির আহ্বায়ক মারা যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ি লুৎফুর রহমান সুরকুমকেই আহ্বায়কের দায়িত্ব পালন করতে হবে। দোয়ারাবাজারে সভানেত্রী ইদ্রিছ আলী বীরপ্রতীককে আহ্বায়ক করেছিলেন, এখনো ইদ্রিছ আলীই আহ্বায়ক আছেন এটিও সভানেত্রী জানিয়ে দিয়েছেন, মধ্যনগরে আগে থেকেই আব্দুল আউয়াল আহ্বায়ক ছিলেন, গত বছর আবার পুরাতন জেলা কমিটি তাকেই আহ্বায়ক ঘোষণা দিয়েছেন, সুতরাং এই তিনজনই এই তিন ইউনিটের দায়িত্বে আছেন, এবং তাঁদেরকেই চিঠি দেওয়া সঠিক হয়েছে’।
চিঠি প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন,‘যারা কমিটির দায়িত্বে আছেন, তাদেরকেই সাংগঠনিকভাবে চিঠি দেওয়া হয়েছে, মুখে মুখে বলার সুযোগ নেই, এ নিয়ে বিতর্কেরও সুযোগ নেই’।

  • [১]