- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতক পলিথিনে সয়লাব জনস্বাস্থ্য হুমকীর মুখে

বিজয় রায়, ছাতক
ছাতক শহরসহ উপজেলার প্রত্যেটি হাট-বাজার সরকার নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব হয়ে গেছে। প্রকাশ্যে বিক্রি ও বাজারজাত করা হচ্ছে এসব নিষিদ্ধ পলিথিন।
মাছবাজার-কাঁচাবাজার থেকে শুরু করে প্রতিটি দোকানে ও শপিংমলে পণ্য সামগ্রী পলিথিনে ভরে গ্রাহকদের হাতে তুলে দেয়া হচ্ছে।
প্রকাশ্যে দেখা যায়, ফার্মেসী, গ্রোসারী দোকান, কাপড়ের দোকান, শাক-সবজীর দোকান, মাছ বাজার, শুটকীর দোকান, মুদির দোকান, ষ্টেশনারী দোকান, কসমেটিক দোকান, হোটেল রেস্তোরাসহ এখন পান-সিগারেটের দোকানেও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ পলিথিন। আর ব্যবহৃত এসব পলিথিন যত্রতত্র ফেলে দেয়া হচ্ছে। ফলে এখানের জনস্বাস্থ্য পড়েছে হুমকীর মুখে। পরিত্যক্ত পলিথিন বিনষ্ট করছে মাটির উর্বরতা।
খোঁজ নিয়ে জানা যায়, ছাতক শহর সহ উপজেলার গোবিন্দগঞ্জ বাজার, ধারনবাজার, জাউয়া বাজার, সিরাজগঞ্জ বাজার, দোলারবাজার, মাদ্রাসা বাজার,    কালারুকা বাজার, ছনবাড়ি বাজার, নোয়ারাই বাজার, চানপুর বাজারসহ প্রতিটি বাজারেই খুচরা ও পাইকারী হিসেবে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। ব্যবহারে অধিকতর সহজ হওয়ায় বাজারে আসা ক্রেতারাও পলিথিন ব্যাগে প্রয়োজনীয় সামগ্রী নিতে অনিহা করেন না। বাজারের সব দোকানেই এখন শোভা পাচ্ছে নিষিদ্ধ পলিথিন। এখানে অন্তত মাসে একবার হলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়ে থাকে। পচাঁবাসী খাবার, ফরমালিন, ওজন সংক্রান্ত, ওষুধ সংক্রান্ত, ভোক্তা অধিকার সংক্রান্ত, উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও সরকার নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে কোন অভিযান চালাতে দেখা যায়নি। বাজারের একাধিক ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে জানান, পলিথিন ব্যবহার বন্ধ করতে হলে এর উৎপাদন বন্ধ করতে হবে। ব্যবসায়িরা সহজেই হাতের নাগালে পলিথিন পাচ্ছে। যে কারণে এর ব্যবহারও দিনেদিনে বেড়ে যাচ্ছে। অভিজ্ঞ মহলের ধারণা দেশে প্রতিদিন প্রায় ৩০ লাখ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এসব বিষাক্ত পলিথিন ১শ বছর মাটির নিচে থাকলেও পঁচন বা নষ্ট হবে না। মাটির উর্বরতা হারানোসহ এসব পলিথিন ও প্লাস্টিক পণ্য পরিবেশ দূষণের একটি অন্যতম কারণ। এর ক্ষতিকর প্রভাবে মানবদেহে ক্যান্সার, চর্ম ও যৌনরোগ, বন্ধ্যাত্বসহ নানা সমস্যা সৃষ্টি হয়। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে এবং ভবিষ্যত প্রজম্মের জন্য একটি সুন্দর ও নির্মল পরিবেশ বান্ধব বাংলাদেশ রেখে যেতে স্থায়ীভাবে বন্ধ করতে হবে পলিথিনের ব্যবহার ও উৎপাদন।

  • [১]