ছাতক প্রতিনিধি
ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের জন্য সততা স্টোর নামের বিক্রেতাবিহীন একটি দোকান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন সিলেটের উদ্যোগে বিদ্যালয়ের নিচতলার একটি কক্ষে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ‘বিক্রেতাবিহীন সততা স্টোর প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের সৎ পথে ধাবিত হওয়ার একটি বীজ বপন করা হয়েছে। সৎ জাতি গঠনে এটি নুতন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য প্রভাবক হিসেবে কাজ করবে।’ তিনি বলেন, ‘সততার সহিত জীবন পরিচালনা করলে তার স্থান হয় সমাজের সব উর্ধ্বে। আলোকিত ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে অসৎ ব্যক্তি ও দুর্নীতিবাজদের ঘৃণা করে সততার সহিত জীবন গঠনের শপথ নিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের দাবির প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ে একটি ভবনসহ সার্বিক
সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, দুদক সিলেটের উপ-পরিচালক তাজুল ইসলাম ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস হাজী মখলিছুর রহমান মুকুল, শামছুদ্দিন আহমদ, মিছবাহ আহমদ, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ, শিক্ষক দেলোয়ার হোসেন খান, শিক্ষার্থী আরাফাত রহমান, রাতুল হাসান প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মল্লিক।
সভায় সততা স্টোরের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সামিয়া আক্তার ইমা ও গীতা পাঠ করেন লিখন সাহা।