- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্রলীগে অপরাধীদের কোনো স্থান নেই: সভাপতি

সু.খবর ডেস্ক
মাগুরা জেলা ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।
নেতা-কর্মীদের কোনো ধরনের বিশৃংখলা ও অপরাধ মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
তিনি বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস খুবই গৌরবময় ও ঐতিহ্যের। এ ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের ছাত্রলীগের আদর্শ মেনে চলতে হবে। সুশৃংখল জীবনযাপন ও সুশৃংখল আচরণে অভ্যস্ত হতে হবে।
বৃহস্পতিবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের জন্য ভালবাসা থাকতে হবে। সমাজের প্রতি হতে হবে দায়িত্বশীল। এখানে (ছাত্রলীগে) অপরাধীদের কোনো স্থান নেই। যেকোনো ধরনের বিশৃংখলা বা অপরাধ কঠোর হাতে দমন করা হবে।  
তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা কোনো অপরাধীকে প্রশয় দেন না। তেমনি ছাত্রলীগও কোনো অপরাধীকে প্রশয় দেবে না। যার প্রমাণ লক্ষীপুর জেলাসহ বিভিন্ন জেলায় কেন্দ্রীয় ছাত্রলীগ রেখেছে।
অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ছাত্র-ছাত্রীদের মাঝে পৌঁছে দিতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন এবং ভিশনকেও ছাত্র-ছাত্রীদের মাঝে পৌছে দিতে হবে। তবেই আজকের এ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী সফল ও সার্থক হবে ।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, আওয়ামীলীগ নেতা মুন্সী রেজাউল হক, আব্দুল ফাত্তাহ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ডা. তোফাজ্জেল হক চয়ন, আবু হোসাইন বিপু, আশরাফুল ইসলাম সোহাগ, শওকতুজ্জামান সৈকত, মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ছাত্রলীগ নেতাসহ মাগুরার অতীত ও বর্তমান সময়ের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • [১]