- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাত্রলীগ সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি মিলনের

ছাতক প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ও ছাতকের আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদরুল আলম কর্তৃক এম সি কলেজে পরীক্ষা দিতে আসা সিলেট সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
এক বিবৃতিতে তিনি বলেন, এ দেশের সোনার ছেলে নামে খ্যাত ছাত্রলীগের ইতিহাস ও চরিত্র দেশবাসী বার-বার প্রত্যক্ষ করেছে। বর্তমানে      
সরকারের আশ্রয়-প্রশ্রয়ে এরা নিরীহ ও মেধাবী শিক্ষার্থীদের অকারণে রক্ত ঝরিয়ে পবিত্র শিক্ষাঙ্গনকে করছে কলুষিত। ছিনতাই-ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজী, টেন্ডারবাজী, খুন-খারাবী, মাদক ও অস্ত্র ব্যবসাসহ সব ধরণের অপকর্মে লিপ্ত রয়েছে ছাত্রলীগ নামধারীরা। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ছাত্রলীগের ক্যাডারা শহরে, গ্রামে-গঞ্জে হত্যা, নির্যাতন-নিপীড়ন প্রতিনিয়তই ঘটিয়ে যাচ্ছে। এরই নির্মম বহিঃপ্রকাশ ঘটছে সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তারকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়ে ক্ষত-বিক্ষত করার মধ্যদিয়ে।

  • [১]