আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর উপজেলার কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষক আমিরুল ইসলামকে চাকুরী থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি আমিরুল ইসলাম, পিতা মৃত. আব্দুর রহমান, গ্রাম সুনাখালী, ডাকঘর বজেন্দ্রগঞ্জ, উপজেলা শাল্লা বরাবরে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ৫জুন সোমবার কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৮ম শ্রেণির এক ছাত্রীকে প্রধান শিক্ষকের কক্ষে যাওয়ার কথা বলে এবং এক পর্যায়ে কু-প্রস্তাব দেয়। ছাত্রী শিক্ষকের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে মারপিট করে আহত করে। বিষয়টি ছাত্রী তার বান্ধবী ও তার বাবাকে অবহিত করলে ওই ছাত্রীর বাবা ৭ই জুন বুধবার কাউকান্দি গ্রামের শাহাব উদ্দিন এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করে। এরই প্রেক্ষিতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি তদন্তের জন্য তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেন।
তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দায়ী প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশসম্বলিত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করা হয়।
কাউকান্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম বলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক গত রবিবার বিদ্যালয় পরিচালনা কমিটির এক সাধারণ সভায় প্রধান শিক্ষক আমিরুল ইসলামকে চাকুরী থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।