স্টাফ রিপোর্টার
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নয়াবাজার এলাকায় গত বুধবার রাত সাড়ে ৮টায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর আক্রমণে আহত হন আব্দুস সোবহান নামের এক ব্যক্তি। তিনি একই ইউনিয়নের চিনাউড়া গ্রামের মৃত মুসলেম উদ্দিনের ছেলে। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত আব্দুস সোবহান বাদী হয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আব্দুস সোবহান উল্লেখ করেন, ওইদিন রাত সাড়ে ৮টায় নয়াবাজার এলাকায় স্কুলের পিছনে প্রশ্রাব করতে যান তিনি। তাকে একা পেয়ে ৪ জনের একটি ছিনতাইকারী দল আক্রমণ করে। পরে তাকে মারপিট করে পকেটে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকারে আশপাশের মানুষ দৌঁড়ে এসে উদ্ধার করেন। পরে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে তিনি বাদী হয়ে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেন।
রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই জানান, ছিনতাইয়ের ঘটনায় নগদ টাকা ছিনতাইকারীরা নিয়ে গেছে এ কথা আমাকে আব্দুস সোবহান নিজেই জানিয়েছেন। তাকে মারধরও করেছে একথাও জানিয়েছে তিনি।
সদর মডেল থানার এস. আই জাহাঙ্গীর আলম বলেন, রঙ্গারচর ইউনিয়নে নয়াবাজারে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্তের পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।