স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে শনিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ স্মরণে অনুষ্ঠিত শোক সভায় ছিলেন না আওয়ামী লীগের জেলা নেতারা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন শোক সভায় আসার কথা থাকলেও তাঁরা আসেন নি। পোস্টারে এই তিন নেতার নামও ছিল। তবে জামালগঞ্জের ভোটের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বি হিসাবে পরিচিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীমের নাম ছিল না পোস্টারে।
গত ১২ ফেব্রুয়ারি সাচনা বাজার আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভার প্রস্তুতি সভায় অবশ্য রেজাউল করিম শামীম বলেছিলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, তবে সকল প্রতিহিংসা প্রতিযোগিতা ভুলে আমরা যেন প্রয়াত ইউসুফ আল আজাদের শোকসভা সর্বাত্মক সফল এবং সুন্দরভাবে পালন করতে পারি।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান শনিবার রাতেই এ প্রতিবেদককে জানিয়েছেন, ইউসুফ আল আজাদ আওয়ামী লীগের নেতা ছিলেন, তাঁর শোকসভায় যাবার সুযোগ দেওয়া হয়নি জেলা আওয়ামী লীগকে। আমরা শীঘ্রই তার স্মরণে শোকসভা করার চেষ্টা করবো। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমনও একই মন্তব্য করেছেন।