ছাতক প্রতিনিধি
ছাতকে সৎ ছোট ভাইয়ের দায়ের কোপে গুরুতর আহত বড় ভাই জাহির আলীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাহির আলী উপজেলার দোলারবাজার ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের আছাব আলীর পুত্র।
জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে জাহির আলীর সাথে সৎ ভাই জুনেদ আহমদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২৩ মে রাতে উভয় ভাইয়ের মধ্যে বাক—বিতন্ডা হয়। এক পর্যায়ে জুনেদ আহমদ উত্তেজিত হয়ে বড় ভাই জাহির আলীকে বটি দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার ভোরে জাহির আলী শেষ নিঃশাস ত্যাগ করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কোন মামলা দায়ের হয়নি। এদিকে বুধবার বিকেলে তার নিজ বাড়িতে যানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।