- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরের কুশিয়ারা নদী খননের নামে বালু বিক্রির অভিযোগ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদী খননের নামে বালু বিক্রির অভিযোগ উঠেছে। এব্যাপারে জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রানীগঞ্জ বাজারের পাশে জামিল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানী পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী খনন কাজে আসে। খননকৃত বালু নদীর পাড় দিয়ে বেড়িবাঁধে দেয়ার কথা থাকলেও স্থানীয় বালু ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি ঘনফুট বালু তিন টাকা হারে বিক্রয় করছে তারা। ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে আবেদনকারী মো. সিরাজুল ইসলাম জানান, নদী খননের অনুমতি নিয়ে বালু বিক্রির কোন কথা না থাকলেও জামিল ট্রেড ইন্টারন্যাশনাল স্থানীয় কিছু প্রভাবশালী মানুষের ছত্রছায়ায় বালু বিক্রি করে যাচ্ছে। এতে করে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি স্থানীয় লোকজন বেড়িবাঁধের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের একটি সূত্র জানায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ -পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ কর্তৃক বাস্তবায়নাধীন নদী সংরক্ষণ ও খনন কর্মসূচীর আওতায় কুশিয়ারা নদীর আশুগঞ্জ-জকিগঞ্জ-নৌ-পথের রানীগঞ্জ এলাকায় ড্রেজিং কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল এর        
সাথে চুক্তি হয়। উক্ত নৌপথটি প্রটোকল নৌ-পথ। এ নৌপথের মাধ্যমে ভারতীয় নৌযান চলাচল করে। নৌপথে সারা বছর নৌ যান চলাচলের লক্ষ্যে নাব্যতা রক্ষার জন্য  নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। নৌপথের বিভিন্ন জায়গায় চর জেগে ঊঠায় নৌযান চলাচল বিঘœ ঘটছে। যে কারণে নৌ যান চলাচলের নিমিত্তে নাব্যতা উন্নয়নের লক্ষ্যে নৌ-পথে ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতার জন্য এক পত্রে জেলা  প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ করেন বিআইডবিউটিএ এর তত্বাবধায়ক প্রকৌশলী মো. ছাইদুর রহমান। এলাকাবাসীর অভিযোগ অনুমতিপত্রে ড্রেজিংকৃত বালু উত্তোলন করে বিক্রির কোন কথা না থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন স্থানীয় কিছু ব্যবসায়ীদের নিয়ে বালু বিক্রি করে যাচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, অনুমতি এনে নদী খনন কাজ চলছে। বালু বিক্রির কোন অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

  • [১]